
নিউজ ডেস্কঃ সাভারে একাধিক মাদক মামলার আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ২ পুলিশ সদস্যসহ ৩ জন আহত হয়েছে। আজ রবিবার রাতে সাভারের মজিদপুর এলাকায় মাদক ব্যবসায়ী মুক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। সাভার সার্কেলের সিনিয়র এএসপি নাজমুল হাসান জানান, আজ রাতে সাভারের মজিদপুর এলাকায় মুক্তির বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক আইনের একাধিক মামলার আসামি খাজাকে ধরতে যান সাভার মডেল থানার এসআই মেহেদী হাসান, পুলিশ কনস্টেবল সুমনসহ আরো অনেকে। খাজাকে আটক করে নিয়ে আসার সময় দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা করে। তারা এসআই মেহেদী হাসান, কনস্টেবল সুমন ও পুলিশের সোর্স আমিনুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে অন্য পুলিশ সদস্যরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এখন ওই এলাকায় মাদক ব্যবসায়ীদের সন্ধানে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আহতদের ছবি নিতে দেওয়া হয়নি। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. নাজিম উদ্দিন বলেন, তাদের অবস্থার এখন আশঙ্কাজনক।এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সাভার মডেল থানা পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রন্তুতি চলছে। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।