
নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘যদিও এই উপনির্বাচন সব দলের অংশ গ্রহণে হচ্ছে না, তবু আমরা এ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। নির্বাচন এখন আমাদের কাছে আত্মসম্মান ও আত্মমর্যাদার প্রতীক। অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে আত্মমর্যাদাকে সমুন্নত রাখতে চাই।’রবিবার (১৯ মার্চ) বেলা ৩ টায় সুনামগঞ্জ শহরের হাজীপাড়ায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আসন্ন সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহদাত হোসেন চৌধুরী, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. হারুন অর রশীদ প্রমুখ। উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি প্রবীণ সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৩০ মার্চ এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত নৌকা প্রতীকে এবং সিংহ প্রতীকে ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু প্রতিদ্বন্দিতা করছেন।