
নিউজ ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সব ইউনিয়ন পরিষদে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট পৗঁছে দেওয়া হবে।আজ রবিবার (১৯ মার্চ) দুপুরে ঝিনাইদহ পৌরসভার উদ্ভাবনী প্রকল্প অনলাইন বিলিং অ্যান্ড পেমেন্ট সিস্টেম ও মানব বর্জ্য শোধনাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে সারাদেশের ৫ হাজার ২৭২ টি ইউনিয়নের ৬০ লাখ মানুষ ডিজিটাল সেন্টারের মাধ্যমে ইন্টারনেট সেবা পাচ্ছে। অনলাইনের মাধ্যমে মানুষ এখন ঘরে বসেই পৌরকরসহ পৌরসভার সব বিল দিতে পারবে। এই তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে কেউ যেন দেশ বিরোধী কর্মকান্ডে লিপ্ত হতে না পারে, সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে সেসময় প্রধান মন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মিজানুর রহমান, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার শাকিলা রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে পৌরসভার উদ্ভাবনী প্রকল্প অনলাইন বিলিং অ্যান্ড পেমেন্ট সিস্টেম ও মানব বর্জ্য শোধনাগারের উদ্বোধন করেন প্রধান অতিথি।