News71.com
 Bangladesh
 19 Mar 17, 06:31 PM
 206           
 0
 19 Mar 17, 06:31 PM

দায়িত্ব অবহেলার দায়ে চার প্রকৌশলীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ হাইকোর্টের

দায়িত্ব অবহেলার দায়ে চার প্রকৌশলীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক : দায়িত্বে অবহেলার দায়ে ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমানসহ চার প্রকৌশলীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এই মামলা দায়ের করতে বলা হয়েছে। রবিবার (১৯ মার্চ) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে এই ঘটনায় এর আগে দায়ের করা প্রাথমিক তথ্য বিবরণীতে ভুল তথ্য সংযোজন করায় পল্টন থানার পরিদর্শক রফিকুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) মহিবুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। তাছাড়া নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আদালতকে অবহিত করতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার সকালে তলবের প্রেক্ষিতে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান ও ডিসিসির প্রধান নির্বাহী খান মো. বেলাল উপস্থিত হয়ে আদালতে ব্যাখ্যা দিলে তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে দুপুরে আদালত এই আদেশ দেন। উল্লেখ্য, ৬ মার্চ রাতে পল্টনে কালভার্ট রোডে ঢাকা ওয়াসার খোলা ম্যানহোলে পড়ে আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। এ ঘটনায় গত ৭ মার্চ ওয়াসার এমডি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) তলব করেন হাইকোর্ট। ১৯ মার্চ তাদের দু’জনকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।

স্থানীয় সরকার সচিব, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্টন এলাকার ড্রেনেজ বিভাগের নির্বাহী প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রুলে বিবাদী করা হয়।আদালতে ওয়াসার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমদ ও ডিসিসির পক্ষে ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন