News71.com
 Bangladesh
 19 Mar 17, 10:13 AM
 222           
 0
 19 Mar 17, 10:13 AM

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫, আহত ১৫।।

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫, আহত ১৫।।

নিউজ ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের সাথে ধাক্কা লেগে একটি নৈশ কোচ খাদে পড়ে শিশুসহ ৫ জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়াহাট নামক এলাকায় আজ রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। নিহতদের ১ জনের নাম আব্দুল ওয়াহাব মিয়া। তার বাড়ি নিলফামারীর জলঢাকায়। তাৎক্ষণিকভাবে বাকী হতাহতদের পরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আবুল বাশার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীর সৈয়দপুরগামী ‘শাকিল পরিবহন’ এর একটি নৈশকোচ ওই এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ১ টি পাথরবোঝাই ট্রাক এর সাথে ধাক্কা লাগে। এতে কোচটি উল্টে গিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে গিয়ে ১ শিশুসহ ৪ জন ঘটনাস্থলে ও হাসপাতালে অপর ১ জন মারা যায়। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ওসি আশংকা করছেন।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে হাইওয়ে টহল পুলিশ গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। নিহতদের লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানায় নেওয়া হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসকর্মীদের সহায়তায় দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হান্নান জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে ১০ হাজার ও আহতদের প্রত্যেককে ৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন