News71.com
 Bangladesh
 18 Mar 17, 10:32 PM
 215           
 0
 18 Mar 17, 10:32 PM

বাংলাদেশের জঙ্গি বিস্তারে সোশ্যাল মিডিয়াকে দায়ী করলেন আইজিপি

বাংলাদেশের জঙ্গি বিস্তারে সোশ্যাল মিডিয়াকে দায়ী করলেন আইজিপি

নিউজ ডেস্ক : আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গি-সন্ত্রাসীদের প্রতিহত করলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের বিস্তার হচ্ছে বলে অভিযোগ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। শনিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে বগুড়া পুলিশ লাইন্স মাঠে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ অভিযোগ করেন।বগুড়া জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদানের পর তিনি এ ব্রিফিং করেন বাংলাদেশের পুলিশ প্রধান ।

এসময় আইজিপি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গি দমনে কোনো ছাড় দেবে না। বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা জঙ্গিদের চিহ্নিত করছি। সার্বক্ষণিক তাদের পেছনে লেগে আছি। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অভিযান আরও জোরালোভাবে চলবে। তিনি বলেন, অসংখ্য জঙ্গি আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুদ্ধ করে মারা গেছে। কিন্তু তাদের পুরোপুরি নির্মূল করা যায়নি। তাদের বীজ কিন্তু সমাজে রয়ে গেছে। বীজ আছে বলেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যম জঙ্গি বিস্তার করছে। শতকরা ৮০ শতাংশ জঙ্গি বিস্তারে দায়ী সোশ্যাল মিডিয়া।

তবে জনগণকে সঙ্গে নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গি নির্মূলে তৎপর থাকবে জানিয়ে আইজিপি বলেন, সবাই জঙ্গিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ইসলামী চিন্তাবিদ, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছেন।

এ কে এম শহীদুল হক বলেন, জঙ্গি পুরোপুরি নির্মূল না হওয়ার কারণে সম্প্রতি তারা র‌্যাব ক্যাম্পে হামলার ঘটনা ঘটিয়েছে। আমরা তাদের পিছু ছাড়িনি। আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকায় আমরা তাদের প্রতিহত করতে পারছি। জঙ্গিরা কোনোভাবেই পার পাবে না। আইন-শৃঙ্খলা বাহিনী তাদের ব্যাপারে সর্বোচ্চ তৎপর রয়েছে।দেশের জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ঐক্যবদ্ধ হয়েছেন। সর্ব শক্তি প্রয়োগ করে জঙ্গিদের বিস্তার রোধ করা হবে বলেও জানান আইজিপি।

এ সময় উপস্থিত ছিলেন- পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন, বগুড়া জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন