
নিউজ ডেস্ক : শ্রমিকদের বকেয়া পরিশোধের ১০ মামলায় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ১৬ এপ্রিল জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (১৮ মার্চ) ঢাকার তৃতীয় শ্রম আদালতের সেরেস্তা সহকারী জামাল উদ্দিন জানান, গত বৃহস্পতিবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক সুলতান মাহমুদ এই দিন নির্ধারণ করেন। এছাড়াও তিনি আরও জানান, গত ১৪ মার্চ এ আদালতে গ্রামীণ টেলিকমের ১০ কর্মী বাদী হয়ে ড. ইউনূসের বিরুদ্ধে ১০টি মামলা করেন। মামলায় ইতিমধ্যে ড. ইউনূসের ঠিকানায় আদালত থেকে জবাব দাখিলের সমন দেয়া হয়েছে। ড. ইউনূসের বিরুদ্ধে কয়েক মিলিয়ন ডলার বকেয়া রয়েছে বলে শ্রম আইনে ২১৩ ধারা মোতাবেক মামলা করা হয়েছে।
মামলার আরজি থেকে জানা গেছে, বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনে এক তৃতীয়াংশ শেয়ার রয়েছে গ্রামীণ টেলিকমের। এই প্রতিষ্ঠানের মুনাফাকর্মীদের মধ্যে বণ্টন করে দেয়ার আইনি বাধ্যবাধকতা থাকলেও তা দেয়া হয়নি। সে কারণে এ মামলা করা হয়েছে। মামলার বিবাদীরা হলেন, গ্রামীণ টেলিকম, গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান ও এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস।
এ ছাড়া নথিতে দেখা যায়, কর্মীদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করছেন অ্যাডভোকেট জাফরুল হাসান।