News71.com
 Bangladesh
 15 Mar 17, 07:25 PM
 178           
 0
 15 Mar 17, 07:25 PM

গাজীপুরের টিটিটিআই পরিদর্শনে এসেছে কুয়েত সশস্ত্র বাহিনীর ২ সদস্য প্রতিনিধি দল

গাজীপুরের টিটিটিআই পরিদর্শনে এসেছে কুয়েত সশস্ত্র বাহিনীর ২ সদস্য প্রতিনিধি দল

নিউজ ডেস্ক : কুয়েত সশ্রস্ত্র বাহিনীর দুই সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহনীর পরিচালিত গাজীপুরের ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই) পরিদর্শন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী থেকে বিভিন্ন ট্রেডের দক্ষ জনশক্তি কুয়েত সশস্ত্র বাহিনীতে চাকরির জন্য নির্বাচন ও সম্ভাব্যতা যাচাই করতে বুধবার (১৫ মার্চ) প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরের অংশ হিসেবে টিটিটিআই পরিদর্শন করেন।

কুয়েত সশস্ত্র বাহিনীর কর্নেল সালাহ সউদ আল আজমীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি টিটিটিআই-এ পৌঁছালে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল লে. কর্নেল (অব.) আছয়াদুর রহমান খান তাদেরকে স্বাগত জানান। দুপুরে কনফারেন্স হলে প্রতিনিধি দলকে টিটিটিআইয়ের কর্মকান্ডের ওপর একটি ব্রিফিং দেওয়া হয়। তারা প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কার্যক্রমের প্রসংশা করেন। এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রশিক্ষকবৃন্দ এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের (টিটিটিআই) অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আছয়াদুর রহমান খান বলেন, কুয়েত সশস্ত্র বাহিনীতে আমাদের প্রতিষ্ঠান থেকে দক্ষ ও প্রশিক্ষিত জনবল নিয়োগ দিলে জনশক্তি রফতানির নতুন দ্বার উন্মোচিত হবে। এজন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

প্রতিনিধি দলটি ৫ দিন বাংলাদেশে অবস্থান করবেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। এসময় তারা দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের নতুন সম্ভাব্যতা যাচাই করবেন। প্রতিনিধি দলটি টিটিটিআই পরিদর্শনের আগে গাজীপুরে অবস্থিদ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) পরিদর্শন করেন। উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে স্কিল্ড টেকনিক্যাল ম্যানপাওয়ার ইন কুয়েতের (এসটিএমকে) আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক ও বেসামরিক কয়েক হাজার সদস্য কুয়েত সশস্ত্র বাহিনীতে চাকরি করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন