
নিউজ ডেস্ক : রাজধানীতে আন্তজার্তিক এটিএম কার্ড জালিয়াতি চক্রের ১১ সদস্যকে আটক করেছে র্যার। চক্রটি এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে প্রতিমাসেই প্রায় অর্ধকোটি টাকা উত্তোলন করতো। এ চক্রের সদস্যরা গত প্রায় ৫ বছর ধরে অন্তত ৫ থেকে ৬ কোটি টাকা আত্মসাৎ করেছে। বিশ্বের বিভিন্ন দেশের এটিএম কার্ড হ্যাক করে নতুন কার্ড তৈরি করে জালিয়াতির মাধ্যমে এসব অর্থ আত্মসাৎ করে আসছিলো চক্রের সদস্যরা। বুধবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান। এর আগে মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে কার্ড তৈরির বিশেষ ধরনের প্রিন্টার, বিভিন্ন ব্যাংকের ২শ’ টি ডেবিট ও ক্রেডিট কার্ড, ১ হাজার এটিএম কার্ডসহ বিভিন্ন ব্যাংকের ৬ টি কার্ড পাঞ্চ করার মেশিন ও বিপুল পরিমাণ কার্ড তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটকরা হলেন- জালাল হোসেন সুমন (২৭), শাহজিদ সোহেল (৩৬), নূর আলম (৪৫), রানা (২৪), জহিরুল ইসলাম (৩৭), লুৎফুর রহমান সুজন (৪২), পারভেজ (২৩), ওয়াহেদ (২০), আবদুল আলী (৪০), জাহাঙ্গীর হোসেন (৪৫) ও কামরুজ্জামান সুমন (৩০)। মুফতি মাহমুদ খান বলেন, আমেরিকা, কানাডা, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী আন্তর্জাতিক কার্ড জালিয়াতি চক্রের সদস্যদের সঙ্গে পরস্পর যোগসাজশে বিদেশিদের আন্তর্জাতিক এটিএম কার্ড হ্যাক করে থাকে চক্রের সদস্যরা। এসব হ্যাকিং করা কার্ড নাম্বার বাংলাদেশে অবস্থানকারী চক্রের সদস্যদের কাছে পাঠানো হতো।
কম্পিউটারে প্রোগ্রামিংয়ের মাধ্যমে হ্যাকিং করা কার্ড নাম্বার প্রবেশ করে তা গঝজগ মেশিনে প্রবেশ করিয়ে নতুন একটি ক্লোন কার্ড তৈরি করা হতো। তারপর এগুলো বিভিন্ন বড় বড় শপিং মল এবং বিশেষ কিছু ব্যবসায়ীর দোকান/ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যাংকের রাখা কার্ড পাঞ্চ করার মেশিনে ব্যবহার করে অর্থ উত্তোলন করতো। এ চক্রের পৃষ্ঠপোষক ছিলেন জালাল হোসেন সুমন। তার মাধ্যমে কার্ড তৈরির কাঁচামাল সংগ্রহ করা হতো। তিনি বলেন, চক্রের আইটি এক্সপার্ট মো. শাহ্ আজিজ সোহেল দীর্ঘদিন দুবাইয়ে কমর্রত ছিলেন। দুবাই থাকার সময় তার সঙ্গে মি. ইরিন লিমো নামে এক আমেরিকানের পরিচয় হয়। সেই বিদেশির কাছ থেকে সোহেল আন্তজার্তিক কার্ড জালিয়াতির বিষয়ে দীক্ষা নেন। তিনি গত ১০ বছর কার্ড জালিয়াতির কর্মকান্ডে জড়িত রয়েছেন। দেশে ফিরে আসার পর ফের ইরিন লিমোর সঙ্গে যোগাযোগ স্থাপন করেন শাহ্ আজিজ।
মুফতি মাহমুদ বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, প্রতারণার মাধ্যমে তারা প্রতি মাসে ৫০ থেকে ৬০ লাখ টাকা উত্তোলন করতো। যেসব দোকানে কার্ডগুলো দিয়ে টাকা উত্তোলন করা হতো সেসব দোকান মালিক ও ব্যবসায়ীদের ২০ থেকে ২৫ শতাংশ কমিশন দেওয়া হতো।এদের মধ্যে কিছু ব্যবসায়ী তাদের সোয়াপ মেশিন চক্রের সদস্যদের কাছে দিয়ে রাখতেন। যাতে করে খুব সহজে লেনদেন সম্পন্ন করা সম্ভব হয়। মিডিয়া উইংয়ের পরিচালক বলেন, আমরা আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত তিনজন ব্যবসায়ীকে ৬ টি সোয়াপ মেশিনসহ আটক করি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স শাখার একজন কর্মকর্তা নূরে আলমকে আটক করি।
তিনি বলেন, চক্রের সদস্যরা এটিএম বুথ থেকে টাকা উত্তোলন না করে বিভিন্ন শপিং মল ও বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করতো। কারণ এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করলে তাদের ছবি প্রকাশ হতে পারে সেজন্য তারা ওই পন্থা অবলম্বন করতো না। চলতি বছরের ১০ মার্চ ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস নামে একজন লিখিত অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগের ভিত্তিতে চক্রটিকে আটক করা হয়।