News71.com
 Bangladesh
 15 Mar 17, 06:27 PM
 658           
 0
 15 Mar 17, 06:27 PM

জাবিতে শিক্ষার্থীদের চাপের মুখে কর্মচারীদের অনৈতিক আন্দোলন প্রত্যাহার......

জাবিতে শিক্ষার্থীদের চাপের মুখে কর্মচারীদের অনৈতিক আন্দোলন প্রত্যাহার......

সনজিৎ সরকার উজ্জ্বল : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লাইব্রেরির ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. অজিত কুমার মজুমদারের পদত্যাগ দাবিতে কর্মচারীদের আন্দোলনের প্রতিবাদ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার অজিত কুমার মজুমদারকে সপদে বহাল রাখার একদফা দাবিতে ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম নিকট স্মারকলিপি প্রদান করেছেন জাবি শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সভাপতি অমর চাঁদ মন্ডল ও সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে এমন অভিযোগ এনে অজিত কুমার মজুমদারকে ২৪ ঘন্টার মধ্যে লাইব্রেরির ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব থেকে পদত্যাগের আল্টিমেটাম দেয় এবং কর্মবিরতিতে যায় কর্মচারী সমিতি। বুধবার ছিল পদত্যাগ করার শেষ দিন।

অধ্যাপক ড. অজিত কুমার মজুমদারকে লাইব্রেরির ভারপ্রাপ্ত শিক্ষকের পদ থেকে পদত্যাগ করতে কর্মচারী সমিতির আল্টিমেটামের সংবাদ ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। বুধবার দেড়টার দিকে স্মারক লিপি প্রদানের সময় ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম শিক্ষার্থীদের বলেন, অজিত কুমার মজুমদার লাইব্রেরির ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্বে সপদে বহাল থাকবেন এবং তিনি কর্মচারী সমিতির নেতৃবৃন্দকে আন্দোলন প্রত্যাহার করতে বলেছেন।

এদিকে অধ্যাপক ড. অজিত কুমার মজুমদারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, কর্মচারী সমিতির সেক্রেটারি দেখা করতে এসে বলেন, সিন্ডিকেটের নিয়ম আছে আপনি চাকরি দিবেন না কেন? তিনি আরো বলেন কর্মচারী সমিতি পরিকল্পিত ভাবে তাঁর বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে কর্মবিরতিতে যায়।

উল্লেখ সিন্ডিকেটের বিধানে পোষ্যদের চাকরির ক্ষেত্রে বিশেষ বিবেচনার বিধান রয়েছে। বুধবার বেলা তিনটার দিকে সাধারণ শিক্ষক শিক্ষার্থীদের চাপের মুখে কর্মচারী সমিতি তাদের আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য হয়। কর্মচারী সমিতির সভাপতি অমর চাঁদ মন্ডল কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন