
নিউজ ডেস্ক : দলীয় কর্মকান্ডে ক্ষুব্ধ হয়ে খুলনা মহানগর জাতীয় পার্টির (জাপা) সভাপতি শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম ও যুগ্ম সম্পাদক অধ্যাপক গাউসুল আজম পদত্যাগ করেছেন। গতকাল সোমবার (১৩ মার্চ) রাতে পত্রিকায় বিবৃতির মাধ্যমে তারা পদত্যাগ করেন।
দলে নব্য যোগ দেওয়া এসএম মুশফিকুর রহমানকে কেসিসির মেয়র প্রার্থী হিসেবে সমর্থনের প্রতিবাদে তারা ক্ষুব্ধ হয়ে এ সিদ্ধান্ত নেন। এদিকে একই কারণে দলের একজন যুগ্ম সম্পাদকের নেতৃত্বে তিন শতাধিক নেতা-কর্মী সোমবার রাতে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এমপি তাদেরকে স্বাগত জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, মহানগর জাপার প্রাক্তন সাধারণ সম্পাদক আবুল কাশেম হত্যা মামলার আসামি এসএম মুশফিকুর রহমানকে খুলনা সিটি করপোরেশনের মেয়র পদে আনুষ্ঠানিক সমর্থন দিতে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ মঙ্গলবার (১৪ মার্চ) খুলনায় আসছেন। মহানগর জাপা নেতা-কর্মীরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে দল থেকে পদত্যাগ করেছেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে নগর জাপার সদ্য বিদায়ী সভাপতি শেখ আবুল হোসনে জানান, জাপা চেয়ারম্যানের আশপাশে কিছু স্বার্থান্বেষী ব্যক্তির পদচারণায় তাদের মতো ত্যাগী নেতা-কর্মীদের দলে থাকা অসম্ভব হয়ে পড়েছে। এ ছাড়াও শারীরিকভাবে তিনি অসুস্থ থাকায় পদত্যাগ করেছেন। সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামও শারীরিক অসুস্থতার কথা পদত্যাগ বিবৃতিতে উল্লেখ করেছেন।
অপরদিকে মহানগর যুগ্ম সম্পাদক এমএ আল মামুন, মহানগর সহ-সভাপতি আ. সাত্তার মোল্লা ও সহ-সাধারণ সম্পাদক এসএম সাইফুল আলম পলাশের নেতৃত্বে জাপার তিন শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এ বিষয়ে দলে নব্য যোগ দেওয়া এসএম মুশফিকুর রহমান বলেন, জাপা একটি বড় দল। এখানে কেউ আসবে, কেউ যাবে। তাতে দলের কিছু আসে যায় না।