News71.com
 Bangladesh
 13 Mar 17, 11:54 PM
 217           
 0
 13 Mar 17, 11:54 PM

এসপির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের ৭ ঘন্টার মধ্যেই যশোরের মানবাধিকার সংগঠক গ্রেফতার।।

এসপির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের ৭ ঘন্টার মধ্যেই যশোরের মানবাধিকার সংগঠক গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ এসপির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের ৭ ঘন্টা পর মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিককে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ। নরসিংদী থানার একটি প্রতারণা মামলায় সোমবার রাত সাড়ে ৭টার দিকে শহরের ঘোপ এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। এর আগে বিনয় কৃষ্ণ বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের নিপীড়ন-নির্যাতনের শিকার নিয়ে সংবাদ সম্মেলন করেন। ৯ মার্চ তার ছেলে সবুজ মল্লিককে ফেনসিডিল দিয়ে ফাঁসানোর ঘটনায় সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে যশোরের পুলিশ সুপারের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিনয় কৃষ্ণ মল্লিক। এরপরই তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন ছোট ছেলে শ্যামল কৃষ্ণ মল্লিক।

এ ঘটনায় যশোর প্রেসক্লাবে তৎক্ষণিক বৈঠকে বসেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। বৈঠকে অবিলম্বে বিনয় কৃষ্ণ মল্লিকের মুক্তি দাবি করা হয়। অন্যথায় মঙ্গলবার বেলা ১১টায় যশোরের সর্বস্তরের সাংবাদিকদের সভা থেকে কঠোর কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত হয়। প্রসঙ্গত, বিনয় কৃষ্ণ মল্লিক যশোর প্রেসক্লাবে সদস্য। তিনি দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক।

আজ সোমবার ওই সংবাদ সম্মেলনে ‘বাবার সঙ্গে বিরোধ, তাই ফেনসিডিল দিয়ে পুলিশ ফাঁসিয়ে দিয়েছে ছেলেকে’ এমন অভিযোগ করেন যশোরের মানবাধিকার সংগঠক রাইটস যশোর’র নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের নির্দেশে সাদা পোশাকের পুলিশ বিনয় কৃষ্ণ মল্লিকের ছেলে সবুজ মল্লিককে যশোর শহরের গাড়িখানার ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ৯ মার্চ তুলে নিয়ে যায়। এরপর ৫০ বোতল ফেনসিডিল দিয়ে খুলনার ফুলতলা থানার টহল পুলিশের হাতে তুলে দেয়।

আজ সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত মানবাধিকার সংগঠক বিনয় কৃষ্ণ মল্লিক। তিনি বলেন, এসপির নেতৃত্বে পুলিশের দখলদারিত্বের প্রতিবাদ করায় তার পরিবার নির্যাতনের শিকার হচ্ছেন। সর্বশেষ নিপীড়নের শিকার হলো তার ছেলে সবুজ মল্লিক। এর আগে তাকে ‘মানব পাচারকারী’ হিসেবে থানায় ছবি ঝুলানো এবং  তার ছেলের নামে বোমা হামলা মামলা দেওয়া হয়।

লিখিত বক্তব্যে বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, শহরের গাড়িখানা রোডে সরকারের কাছ থেকে এপি ২০/৭২ খাসজমি বরাদ্দ নিয়ে প্রায় শত বছর ধরে বসবাস ও ব্যবসা করছিল ৪০টি পরিবার। গতবছর পুলিশ গায়ের জোরে অস্ত্রের মুখে তাদের উচ্ছেদ করে ওই জমি দখল করে। মানবাধিকার কর্মী হিসেবে পুলিশের এ দখলদারিত্বের প্রতিবাদ করায় আমাকে শায়েস্তা করতে মাঠে নামে মহাদুর্নীতিবাজ এসপি। এরই অংশ হিসেবে সর্বশেষ সবুজকে ফেনসিডিল মামলায় ফাঁসানো হয়েছে।

বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, ৯ মার্চ রাত ৮টার দিকে সবুজ যশোর শহরের গাড়িখানা রোডের মোবাইল ফোনের ফ্লেক্সিলোড ও বিকাশের নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিল। দোকানের অদূরে ন্যাশনাল ব্যাংকের সামনে পৌঁছালে সাদা পোশাকের পুলিশ তাকে চোখ ও হাত বেঁধে গাড়িতে করে নিয়ে যায়। এ সময় সবুজের ব্যবহৃত মোবাইল ফোন (০১৭৫৪৭৩৯৬২৯) ছিনিয়ে নিয়ে বন্ধ করে দেয়া হয়।

ঘটনার দিন রাত ৮টা ১৫ মিনিট ৩৮ সেকেন্ডে যশোর শহরের ম্যাগপাই টাওয়ারের অধীনে নাম্বারটি বন্ধ করা হয়। যা কল লিস্ট তুলে জানতে পারি। এর পরদিন খুলনার ফুলতলা থানা থেকে পরিবারকে জানানো হয় সেখানে ফেনসিডিলসহ সবুজকে আটক করা হয়েছে।

বিনয় মল্লিক জানান, যে ছেলে ধূমপান পর্যন্ত করে না তাকে মাদকসহ আটক দেখিয়ে ফাঁসানো হয়েছে যশোরের এসপির ষড়যন্ত্রে। ক্ষমতার অপব্যবহারকারী এসপি আনিসুর রহমানকে মহাদুর্নীতিবাজ অ্যাখ্যা দিয়ে তাকে বরখাস্ত ও তার দুর্নীতির বিচার দাবি করেন মানবাধিকার সংগঠক বিনয় কৃষ্ণ মল্লিক। সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন রাইটস যশোরের সহ-সভাপতি অ্যাডভোকেট মাসুমা আক্তার, সদস্য মিজানুর রহমান।

অভিযোগের বিষয়ে পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, জমি নিয়ে পুলিশের সঙ্গে বিনয় কৃষ্ণ মল্লিকের একটি মামলা বিচারাধীন। এ নিয়ে তিনি একাধিকবার সংবাদ সম্মেলন করলেন। দুদকসহ বিভিন্ন দফতরে তিনি আমার বিরুদ্ধে দরখাস্তও করেছেন। তবে বিনয় কৃষ্ণ মল্লিকের ছেলে সবুজ মল্লিককে আটকের বিষয়ে তার কোনো ভূমিকা নেই বলেও দাবি করেন এসপি।অন্যদিকে আজ সোমবার রাতে বিনয় কৃষ্ণের আটকের বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, তার নামে নরসিংদী থানায় প্রতারণা মামলা রয়েছে। তাই তাকে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন