
নিউজ ডেস্ক : ঝিনাইদহে আগ্নেয়াস্ত্রসহ ২ ব্যাক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এর সিপিসি-২ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ওয়ান শ্যুটারগান, তিন রাউন্ড গুলি, পাঁচটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা জব্দ করা হয়েছে। গত রোববার (১৩ মার্চ) ভোররাতে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের জাফর মিয়ার ছেলে আব্দুল হালিম (৩৫) ও একই গ্রামের খাইরুল বাসারের ছেলে মাজেদুল ইসলাম (৩২)। ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদ জানান, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অস্ত্র নিয়ে আব্দুল হালিম ও মাজেদুল ইসলাম অবস্থান করছিলেন। খবর পেয়ে র্যাব সেখানে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও নগদ টাকাসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি।