
নিউজ ডেস্ক : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ফেন্সিডিল ভর্তি পিকআপসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার শেখ আমানুল্লাহ কলেজ সংলগ্ন সাতক্ষীরা-যশোর সড়ক থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- পিরোজপুর জেলার নাজিরপুরের মুজিবর রহমানের ছেলে রাসেল (২৫) ও যশোরের শার্শা উপজেলার কায়বা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জিয়া (২৬)।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শেখ আমানুল্লাহ কলেজের সামনে যশোরগামী একটি পিকআপকে থামিয়ে তল্লাশি করা হয়। এসময় ৪শ' বোতল ফেনসিডিলসহ ওই দুই যুবককে আটক করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।