
নিউজ ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লিতে আগুন লাগানোর ঘটনায় জেলার ২ পুলিশ সদস্যনকে চিহ্নিত করে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে পুলিশ প্রশাসন। একইসঙ্গে ওই প্রতিবেদনে আগুন দেওয়ার ঘটনায় ৫৮ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে । আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
চিহ্নিত ২ পুলিশ সদস্য হলেন জেলা গোয়েন্দা শাখার সদস্য এসআই মাহবুবুর রহমান ও গাইবান্ধা পুলিশ লাইনসের কনস্টেবল মো. সাজ্জাদ হোসেন। বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক তার প্রতিবেদনে জানিয়েছেন।
এর আগে ৭ ফেব্রুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লিতে আগুন লাগানোর ঘটনায় জেলা পুলিশ সুপার (এসপি) মো. আশরাফুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দেন হাইকোর্ট।
এছাড়া আগুন লাগানোর ঘটনার দিন চামগাড়ি এলাকায় দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বহিনীর সদস্যদের প্রত্যাহারের দেশ দিয়েছেন। সে অনুসারে এসপিকে প্রত্যাহার করা হয়। পাশাপাশি রংপুর রেঞ্জের ডিআইজি আদালতে প্রতিবেদন দেন।