
নিউজ ডেস্ক : চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোটকেন্দ্রে সেনা মোতায়েনের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।তিনি বলেছেন, সেনা প্রস্তুত থাকবে, পরিস্থিতি সৃষ্টি হলে মোতায়েন করা হবে। তবে ভোটকেন্দ্রে মোতায়েনের কোনো সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে কুমিল্লা সিটি করপোরেশন, গাইবান্ধা-১ ও সুনামগঞ্জ-২ শূন্য আসনের উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন।
ইসির সম্মেলন কক্ষে কে এম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠক উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ মহাপুলিশ পরিদর্শক, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়/জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বর্ডার গার্ড বাংলাদেশ/র্যাব/কোস্ট গার্ড/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআইয়ের মহাপরিচালক, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক, রংপুর/চট্টগ্রাম/সিলেটের বিভাগীয় কমিশনার, রংপুর/চট্টগ্রাম/সিলেটের উপমহাপরিদর্শক, গাইবান্ধা/সুনামগঞ্জ/কুমিল্লার জেলা প্রশাসক, গাইবান্ধা/সুনামগঞ্জ/কুমিল্লার পুলিশ সুপার, রংপুর/চট্টগ্রাম/সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এবং গাইবান্ধা/সুনামগঞ্জ/কুমিল্লার জেলা নির্বাচন অফিসার। উল্লেখ্য, তফসিল অনুযায়ী, গাইবান্ধা-১ আসনে ২২ মার্চ এবং ৩০ মার্চ সুনামগঞ্জ-২ শূন্য আসন ও কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ হবে।