News71.com
 Bangladesh
 08 Mar 17, 09:29 PM
 208           
 0
 08 Mar 17, 09:29 PM

খালেদা জিয়ার নেতৃত্বে নিরপেক্ষ সরকারের অধীনেই বিএনপি নির্বাচনে যাবে ।। খন্দকার মোশাররফ হোসেন

খালেদা জিয়ার নেতৃত্বে নিরপেক্ষ সরকারের অধীনেই বিএনপি নির্বাচনে যাবে ।। খন্দকার মোশাররফ হোসেন

 

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী নির্বাচন ও বিএনপির নিবন্ধন নিয়ে নানা কথা বলে নেতা-কর্মীদের বিভ্রান্ত করছে সরকার। তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে যাবে, সেই নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারাবরণ দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল এ আলোচনার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, নিরপেক্ষ ও নির্দলীয় সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে।’

সরকারের প্রতি ইঙ্গিত করে বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র হচ্ছে একে অপরের মধ্যে বিভেদ সৃষ্টি করা। তাই এদের পরাজিত করতে হবে। আসুন, ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।’

দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপি কোনো ভাগ-বাঁটোয়ারা নির্বাচন চায় না। জনগণের ভোটাধিকার চায়। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। খালেদা জিয়া ব্যতীত কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, হতে দেওয়া হবে না। ২০১৪ সালে আমরা নির্বাচন হতে দিইনি। রকিবউদ্দীন শুধু ফলাফল ঘোষণা করেছেন। ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন