
নিউজ ডেশকঃ সারা দেশে হরতাল-অবরোধে ৪২ জনকে পুড়িয়ে মারার অভিযোগে হত্যা ও রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে আগামি ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। অপর ৩ আসামি হলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এমাজউদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। গতকাল মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামি ১৪ মার্চ দিন ধার্য করেন।
বিচারক তার আদেশে উল্লেখ করেন, বাদিপক্ষের আইনজীবী থানা থেকে তদন্ত প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়ার আবেদন করেন। সে মতে আগামি ৭ দিনের মধ্যে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হলো। বাদির আইনজীবী জামাল হোসেন নয়ন জরুরি ভিত্তিতে প্রতিবেদন দাখিলের জন্য আবেদন করেন। আবেদনে তিনি বলেন, এ মামলা দায়েরের পর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়ার পর এখন পর্যন্ত ১৫ টি তারিখ ধার্য হয়েছে। কিন্তু এখনো কোন প্রতিবেদন দেওয়া হয়নি। যার ফলে বাদির অপূরণীয় ক্ষতি হতে পারে। জরুরি ভিত্তিতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হোক।