News71.com
 Bangladesh
 07 Mar 17, 08:43 PM
 205           
 0
 07 Mar 17, 08:43 PM

বেপরোয়া বিএনপি অস্তিত্ব রক্ষায় নির্বাচনে আসবে।। ওবায়দুল কাদের

বেপরোয়া বিএনপি অস্তিত্ব রক্ষায় নির্বাচনে আসবে।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের কী প্রয়োজন, বিএনপিকে ভয় দেখিয়ে নির্বাচনে নিয়ে আসা? বিএনপি তার নিজের প্রয়োজনে, অস্তিত্ব রক্ষায় নির্বাচনে আসবে। তিনি বলেন, বিএনপি হারানো সিংহাসন ফিরে পাওয়ার জন্য একেবারে বেসামাল। বেপরোয়া বিএনপি যখন যা মুখে আসে তা-ই বলে। আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ভয় দেখিয়ে বিএনপিকে নির্বাচনে আনতে চায় সরকার—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতিতে কোনো দলই অপ্রাসঙ্গিক থাকতে চায় না। আরেকটা নির্বাচন না করলে বিএনপি রাজনীতিতে কতটা অপ্রাসঙ্গিক এবং অস্তিত্বের দিক থেকে ঝুঁকিতে থাকবে, এটা তাদের নেতারা ভালো করেই জানেন। তিনি বলেন, আপনাদের কেউ ভয় দেখাতে হবে না। আপনাদের ঘরেই ভয় কারণ, আপনাদের ঘরেই রয়েছে। আপনাদের নেতারা নেতাদের বিশ্বাস করে না। অফিসের মধ্যে মারামারি করে। একজন আরেকজনকে বলে সরকারের এজেন্ট।

সম্প্রতি শেষ হওয়া উপজেলা এবং পৌর নির্বাচনে বিএনপির তিনটিতে জয়ী হওয়ার বিষয়টি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘যে তিনটি উপজেলা নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে, তিনটিতেই আমাদের বিদ্রোহী প্রার্থী ছিল। আমাদের প্রার্থীদের ভোট যুক্ত করলে দেখি, সব কটিতেই আওয়ামী লীগ জয়লাভ করেছে। তিনি বলেন, এ ধরনের কলহ বর্জন করতে না পারলে আমরা বিপদে পড়ব। কলহ পরিহার করতে হবে। আওয়ামী লীগকে কোন্দলমুক্ত করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা মোজাফ্ফর হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন