News71.com
 Bangladesh
 07 Mar 17, 08:02 PM
 213           
 0
 07 Mar 17, 08:02 PM

বগুড়ায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন।।

বগুড়ায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন।।

 

নিউজ ডেস্কঃ বগুড়ার গাবতলী উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ডাক বিভাগের কর্মচারি রবিউল ইসলাম মিঠুকে ছুরিকাঘাত করে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। এছাড়াও অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এই দণ্ডাদেশ প্রদান করেন। 

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, গাবতলীর তরফ সরতাজ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম ও আব্দুল্লাহ এবং বগুড়া সদর উপজেলার ভাটকান্দি গ্রামের তারা মিয়ার ছেলে লিটন মিয়া, খোরশেদ আলম ও খোকন মিয়া। খোকন ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। 

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি গাবতলী উপজেলার তরফসরতাজ গ্রামের আকিমুদ্দিনের ছেলে রাজিব মাহমুদ মজনু ১ টি বিবাদমান কলাক্ষেতে পানি দিচ্ছিলেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামিরা হাতে লোহার রড, ধারালো ছুরি ও দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এসে কলাক্ষেতে পানি দিতে নিষেধ করে। নিষেধ না মানায় আসামিরা প্রথমে মজনুকে হত্যার উদ্দেশ্যে মারপিট করতে থাকে।

তার চিৎকারে ছোট ভাই ডাক বিভাগের কর্মচারি রবিউল ইসলাম মিঠু ও আব্দুল মোমিন এগিয়ে এলে আসামিরা তাদের উপর চড়াও হয়। একপর্যায়ে ছুরিকাঘাত করলে মিঠুর নাড়ি-ভুড়ি বের হয়ে যায়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাতে তিনি মারা যান। মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন এপিপি এ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন