
নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে জাল দলিল ও জাল স্ট্যাম্প তৈরির অভিযোগে আব্দুর রহমান নামে এক দোকান কর্মচারীকে দুই মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও এসময় দু’টি ওষুধের দোকান ও দু’টি ফটোস্ট্যাট দোকানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল জাকির ও হোসাইন মো. আল জোনায়েদ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে হাজী খলিল ফটোস্ট্যাস্ট নামের একটি দোকানে বসে জাল দলিল ও জাল স্ট্যাম্প তৈরি করতেন দোকানটির কর্মচারী আব্দুর রহমান। এছাড়া হাসপাতালের বিপরীতে অবস্থিত এসিল্যান্ড অফিসে মিউটেশন ও পর্চা করিয়ে দেওয়ার কথা বলেও আব্দুর রহমান প্রতারণা করতেন।
এসব খবর জানার পর মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল জাকির ও হোসাইন মো. আল জোনায়েদ যৌথভাবে ওই দোকানে অভিযান পরিচালনা করে আব্দুর রহমানকে ১৮৬০ এর ২৯১ ধারা অনুযায়ী দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১৮৬০ এর ৫১ ধারা অনুযায়ী তিন হাজার টাকা ও ৪৪ ধারা অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া পার্শ্ববর্তী হাসান ফটোস্ট্যাটকে দুই হাজার টাকা, ন্যাশনাল ফার্মেসীকে তিন হাজার টাকা, শরীফ সার্জিক্যালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।