
নিউজ ডেস্ক : লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি কার্তুজসহ রবিউল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে উপজেলার তিস্তা ব্যারাজ সানিয়াজান এলাকার একটি ইজিবাইক থেকে অস্ত্র, গুলি ও কার্তুজসহ রবিউলকে আটক করা হয়। আটক রবিউল উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া গ্রামের ইচাহাক আলীর ছেলে।
র্যাব-১৩ নীলফামারী ক্যাম্প কমান্ডার মেজর খোরশেদ আলম জানান, রবিউল দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম ও সহকারী পুলিশ সুপার শাহিনুর কবিরের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়।
এ ঘটনায় হাতিবান্ধা থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।