
নিউজ ডেস্কঃ বিএনপিকে আগামী নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, এই সরকারের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিএনপি তথা জিয়া পরিবারকে নির্বাচন থেকে দূরে রাখা। তারা গায়ের জোরে একদলীয় বাকশাল শাসন করে দেশ পরিচালনা করতে চায়। কিন্তু এদেশের মানুষ তা মেনে নেবে না। আগামী নির্বাচনে বিএনপিকে আসতেই হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক।আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং মূল্য কমানোর দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। এতে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।
জয়নুল আবদিন ফারুক বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে জনগণের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। তারা একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে দেশের মানুষকে জিম্মি করেছে।তিনি আগামী নির্বাচন প্রসঙ্গে বলেন, বিএনপি হচ্ছে একটি গণতান্ত্রিক ও নির্বাচনমুখী রাজনৈতিক দল। আমরা যে কোনো সময় নির্বাচনের জন প্রস্তুত। কিন্তু বর্তমানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই।
নির্বাচন নিয়ে জনগণ যখন ভোটাধিকার প্রয়োগেরে নিশ্চয়তা পাবে একটি নির্দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা পাবে বিএনপি তখনই নির্বাচনে অংশগ্রহণ করবে।জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপিকে বাইরে রেখে কোনো নির্বাচন এদেশে হবে না। হতে দেয়া হবে না। এদেশের জনগণ কখনোই তা মেনে নেবে না।
অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বর্তমান সরকারেক অবৈধ ও ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বলেন, তারা বিরোধী দলের ওপর নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে। এখন বিএনপিকে আগামী নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে সরকার। কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বিএনপি এবং খালেদা জিয়াকে বাইরে রেখে কোনো নির্বাচন বাংলার মাটিতে হবে না। মিথ্যা মামলা দিয়ে, হয়রানি করে বিএনপিকে স্তব্ধ করা যাবে না।