News71.com
 Bangladesh
 07 Mar 17, 11:08 AM
 208           
 0
 07 Mar 17, 11:08 AM

শেয়ার বাজারে লুটপাটের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না : সংসদে জিয়াউদ্দিন বাবলু

শেয়ার বাজারে লুটপাটের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না : সংসদে জিয়াউদ্দিন বাবলু

নিউজ ডেস্ক :  দেশের উন্নয়ন হলেও শেয়ার বাজার ও ব্যাংকিং খাতে ধস ও লুটপাট হয়েছে। কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে  না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু। গতকাল সোমবার (৬ মার্চ) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

জিয়াউদ্দিন বাবলু বলেন, দেশের উন্নয়ন হলেও সবকিছু ভালোভাবে চলছে না। শেয়ার বাজারে ধস নেমেছে। সেটা এখনও কাটিয়ে ওঠা যায়নি। লুটপাটকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এমপিরাও পাননি। জনগণের গচ্ছিত অর্থ ব্যাংক থেকে লুট করে নেওয়া হচ্ছে। বর্তমানে এক লাখ কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে। ব্যাংকিং খাতের লুটপাট বন্ধ করা যচ্ছে না। 

শিক্ষা ব্যবস্থায় নিয়ে তিনি বলেন, শিক্ষিতের হার বাড়ছে। কিন্তু গ্রাজুয়েটরা একটি চাকুরির দরখাস্ত লিখতে পারে না। তাই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নেই। ডাকসুতে নির্বাচন হয় না। মহামান্য রাষ্ট্রপতিও ডাকসু নির্বাচনের কথা বলেছেন। কিন্তু এই সরকার ক্ষমতায় এসে ১০ বছরেও সেটি করতে পারেনি। সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নিতে হবে। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন হবে।

জিয়াউদ্দিন বাবলু আরও বলেন, ১৯৯০ সালের ক্ষমতা হস্তান্তরের সময় জাতীয় পার্টির বিরুদ্ধে নানা অভিযোগ, বিভিন্ন কথা বলা হয়, এরশাদসহ জাতীয় পার্টির নেতাদের গ্রেফতার করা হয়। কিন্তু স্বাধীনতা বিরোধী জামায়াতের বিরুদ্ধে কেউ কথা বলেননি, আওয়ামী লীগও বলেনি। যে কারণে বিএনপিকে সঙ্গে জামায়াত ক্ষমতায় এসেছে। জঙ্গিবাদের সৃষ্টি করেছে। দেশকে পিছিয়ে দিয়েছে। বিএনপি তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। আওয়ামী লীগের ভুলের কারণে এটা হয়েছে। এ বিষয়ে আগামীতে সতর্ক হতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন