News71.com
 Bangladesh
 07 Mar 17, 11:05 AM
 210           
 0
 07 Mar 17, 11:05 AM

যারা নির্বাচনে বিশ্বাস করে না,তাদের সঙ্গে আপোষে কোনো লাভ নেই।। মন্ত্রী রাশেদ খান মেনন

যারা নির্বাচনে বিশ্বাস করে না,তাদের সঙ্গে আপোষে কোনো লাভ নেই।। মন্ত্রী রাশেদ খান মেনন

নিউজ ডেশকঃ রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, যারা নির্বাচনে বিশ্বাসী নয়, তাদের সঙ্গে আপোষ করে কোন লাভ হবে না। তিনি বলেন, নির্বাচন অবশ্যই হবে এবং সংবিধান অনুযায়ীই হবে। ২০১৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার থাকবে তার অধীনেই নির্বাচন হবে। সেই অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপি থেকে কোন প্রতিনিধি দিবে কিনা সেটা অন্য বিষয়।

গত ২৪ জানুয়ারি চিফ হুইপ আ স ম ফিরোজ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে হুইপ মাহাবুব আরা বেগম গিনি তা সমর্থন করেন। গত ২২ জানুয়ারি দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদে ভাষণ দেন।

রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আজ ২৬তম দিনে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন,  মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সরকারি দলের ডা. আফছারুল আমিন, আলহাজ মো. দবিরুল ইসলাম, শেখ আফিল উদ্দিন, জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মো. আমির হোসেন, জাসদের বেগম লুৎফা তাহের, এ কে এম রেজাউল করিম তানসেন, বিএনএফ-এর এসএম আবুল কালাম আজাদ, তরিকত ফেডারেশনের এম এ আউয়াল ও স্বতন্ত্র সদস্য মো. মুকবুল হোসেন আলোচনায় অংশ নেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, বাংলাদেশে ’৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর গণহত্যা সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে সম্প্রতি একটি বই লিখে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা-আইএসআই-এর মাধ্যমে বিভিন্ন দাতা সংস্থা ও দূতাবাসগুলোতে পাঠিয়েছে।  তিনি বলেন, বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধী ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা দিয়ে শায়েখ আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের সৃষ্টি করে।

এর থেকেই নব্য জেএমবির সৃষ্টি হয়েছে। এই নব্য জেএমবি দেশে গুপ্ত হত্যা চালাচ্ছে। হলি আর্টিজানে হামলার মধ্য দিয়ে তারা তাদের অস্তিত্ব প্রমাণ করে। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। রাশেদ খান মেনন বলেন, ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারাদেশে অগ্নি সন্ত্রাস হয়েছে। তার অগ্নি সন্ত্রাসে কত মায়ের বুক খালি হয়েছে তা দেশের মানুষ জানে। 

তিনি বলেন, নির্বাচন আসলেই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার শরীরে আগুন জ্বলে ওঠে। তার আমলে মাগুরা নির্বাচনের পরই তত্ত্বাবধায়ক সরকারে দাবি উঠেছিল। আবার যখন নির্বাচনের সময় আসছে তখন তারা নানা ধরনের প্রশ্ন তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি বলেন, স্লোগান উঠেছে শেখ হাসিনার দীক্ষা, মানসম্মত শিক্ষা। কিন্তু ভবিষ্যত প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষার মান আরো উন্নত করতে হবে। 

তিনি তার মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন, আকাশ পথে নিরাপদ যাত্রী ও মালামাল পরিবহনে এই মন্ত্রণালয় কাজ করে। দেশীয় সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ পর্যটন ব্যবস্থাপনার উন্নয়ন করতে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটনের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশকে একটি পর্যটন সমৃদ্ধ দেশে পরিণত করতে সরকার কাজ করে যাচ্ছে। রূপকল্প-২০২১ এর লক্ষ্য অর্জনে এই মন্ত্রণালয় সচেষ্ট রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন