News71.com
 Bangladesh
 07 Mar 17, 11:04 AM
 197           
 0
 07 Mar 17, 11:04 AM

ভারতের ত্রিপুরায় অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের মাছ রফতানি বন্ধ।।  

ভারতের ত্রিপুরায় অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের মাছ রফতানি বন্ধ।।     

 

নিউজ ডেস্কঃ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বাজারে মাছে ফরমালিনের অস্তিত্ব পাওয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ সোমবার থেকে আগরতলায় অনির্দিষ্টকালের জন্য মাছ রফতানি বন্ধ হয়ে গেছে। এ নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি আগরতলার বিভিন্ন বাজার থেকে ৪০টি মাছ নমুনা হিসেবে সংগ্রহ করা হয়। পরে এসব মাছ পরীক্ষা করে ১১টিতে ফরমালিন পাওয়া যায়। কিন্তু ফরমালিন পাওয়া মাছগুলো যে বাংলাদেশ থেকে যাওয়া মাছ তা নিশ্চিত নয়।  গত কয়েকদিন আগে এ নিয়ে ত্রিপুরা থেকে প্রকাশিত একটি দৈনিকে খবর প্রকাশ করে। এর পর থেকেই মাছ রফতানিতে জটিলতা দেখা দেয়।

সমস্যা এড়াতে ভারতীয় কাস্টমস বাংলাদেশের ব্যবসায়িদেরকে মাছ রফতানি না করতে বলেছেন। একই সঙ্গে বাংলাদেশের কাস্টমসের সঙ্গেও তারা এ নিয়ে আলোচনা করেছেন। এ অবস্থায় আজ সোমবার থেকে মাছ পাঠাতে পারছেন না বাংলাদেশের ব্যবসায়ীরা। এতে লোকসানের মুখে পড়তে হবে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব উদ্দিন ভূঁইয়া বলেন, আখাউড়া স্থলবন্দর দিয়ে রফতানি হওয়া মাছে কোনো ফরমালিন না পাওয়া স্বত্তেও ভারতীয় ব্যবসায়ীরা মাছ আমদানি করতে অনীহা প্রকাশ করায় সোমবার সকাল থেকে মাছ রফতানি বন্ধ রয়েছে।

ভারতের অন্ধপ্রদেশ থেকে আসা যেসব মাছ আগরতলার বাজারে বিক্রি হয় মূলত সেগুলোতে ফরমালিন পাওয়া গেছে। কিন্তু ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ গত ২ দিন ধরেই মাছ রফতানি না করতে বলছেন। তবে ২-১ দিনের মধ্যেই ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে বিষয়টির সুরাহা করা হবে।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের আপত্তির কারণে বাংলাদেশের ব্যবসায়ীরা হয়তো মাছ রফতানি বন্ধ রেখেছেন। আমাদের পক্ষ থেকে মাছ রফতানি করতে কোনো বাধা নেই। তিনি জানান, ত্রিপুরা রাজ্যের আগরতলার বিভিন্ন বাজারে বাংলাদেশ থেকে প্রতি মাসে প্রায় ৩০ টন মাছ রফতানি হয়ে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন