
নিউজ ডেস্কঃ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকারীদের অস্ত্র রাখার একটি ট্রাংক উদ্ধার করেছে পুলিশ। এমপি লিটন হত্যার মূল পরিকল্পনাকারী, অর্থদাতা ও কিলারদের প্রশিক্ষণ দাতা সাবেক এমপি কর্ণেল (অব:) ডাক্তার আব্দুল কাদের খানের ব্যক্তিগত সহকারী পিএস শামছুজ্জোহা গ্রেফতার হওয়ার পর তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ট্রাংকটি উদ্ধার করে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, শামছুজ্জোহা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে কিলারদের অস্ত্র রাখার ভান্ডার হিসেবে কিশামত হলদিয়া গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়ে বাসার ভিতরে মাটির নিচ থেকে ট্রাংকটি উদ্ধার করা হয়। এমপি লিটন হত্যায় ব্যবহৃত পিস্তল ও গুলি দীর্ঘদিন থেকে ট্রাংকটিতে মজুদ রাখা হতো এবং সেখান থেকে গোপনে বের করে নিয়ে কিলারা বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। এছাড়া এমপি লিটন হত্যায় ব্যবহৃত ৩ টি পিস্তলের মধ্যে ২ টি উদ্ধার করা হয়েছে। অপরটি পিস্তলটি উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, এমপি লিটন হত্যার পর ২ টি মামলা দায়ের হয় এর ১ টি হত্যা মামলা অপরটি অস্ত্র মামলা। মামলা ২ টির দ্রুত চার্জশিট দেয়ার জন্য প্রস্তুতি চলছে। তবে হত্যা মিশনের সাথে সম্পৃক্ততা থাকতে পারে এমন কয়েক ব্যক্তিকে নজর দারিতে রাখা হয়েছে।
এদিকে এমপি লিটন হত্যা সাথে সম্পৃক্ত সোর্স উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক চন্দন কুমার ভারতের কলকাতায় অবস্থান করছেন বলে জানান তিনি। তবে তাকে গ্রেফতার পূর্বক আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরে আনার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ মাস্টার পাড়া গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।