
নিউজ ডেস্ক : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় গনিত বিভাগের প্রধানসহ ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে ভর্তি হওয়া ১শ’ শিক্ষার্থীর ভর্তি বাতিল করাসহ এক শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। সোমবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ২শ’ ৩৩ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ আসকারি জানান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত এফ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রমাণ হওয়ায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি পুনরায় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
প্রশ্ন ফাঁসের কারণে 'এফ' ইউনিটের বিভাগীয় প্রধান মো. নুরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত এবং পরীক্ষা কমিটিতে থাকা অপর দুই শিক্ষক অধ্যাপক ড. মিজানুর রহমান (গণিত বিভাগ) ও মো. আলতাফ হোসেন রাসেলকে (পরিসংখ্যান বিভাগ) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের 'এফ' ইউনিটে ভর্তি হওয়া ১শ’ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। প্রশ্ন ফাঁসে জড়িত গণিত বিভাগের মাস্টার্সের ছাত্র মনোজিৎ মন্ডলকে আজীবন বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আলাউদ্দিন আলাল ও সাইফুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া পিএইচডি সংক্রান্ত জটিলতায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি মো. আসাদুজ্জামানকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।