News71.com
 Bangladesh
 06 Mar 17, 06:53 PM
 216           
 0
 06 Mar 17, 06:53 PM

কক্সবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ জামাই-শাশুড়ি সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ জামাই-শাশুড়ি সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় ৬ ঘন্টা অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ শাশুড়ি ও জামাইসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে বিকেল ৪ টা পর্যন্ত। এসময় তাদের কাছ থেকে ৭ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্যে ২২ লাখ ৬৫ হাজার টাকা।

আটককৃতরা হলেন মৃত মোজাফফর আহমদের স্ত্রী আনারকলি (৪০), তার জামাতা মৃত মোজাফফর আহমদ সিকদারের ছেলে পারভেজ মোশারফ (২৫) ও রোহিঙ্গা মো: ছালাম (৩৫)। আটকদের মধ্যে আনারকলি গত ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্যপদে গোলাপ ফুল প্রতীক নিয়ে পূর্ব বড় ভেওলা থেকে প্রার্থী হয়েছিলেন। তার জামাতা পারভেজের আদি বাড়ি কুতুবদিয়ায়। বর্তমানে সে কক্সবাজার শহরের বাহারছড়া ও পূর্ব বড় ভেওলার শ^াশুড়ির বাড়িতেই থাকে। আটক রোহিঙ্গা ছালাম পুলিশের কাছে স্বীকার করেন, তিনি উখিয়া শরণার্থী ক্যাম্পে আশ্রয়ে রয়েছেন। সেখান থেকে কর্মকর্তা-কর্মচারীদের নজর এড়িয়ে ইয়াবা পাচার করতে আসেন।

চকরিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) মতিউল ইসলাম বলেন, একজন রোহিঙ্গা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চকরিয়ায় ঘুরছে ও এই ইয়াবা স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে চকরিয়া পৌরসভার খোদারকুম থেকে আটক করা হয় পারভেজকে। তার স্বীকারোক্তি অনুযায়ী চোয়ার ফাঁড়ির ব্রিজ এলাকা থেকে আনার কলিকে আটক করা হয়। পরে পৌর এলাকার থানা রাস্তার একটি হোটেল থেকে আটক করা হয় মিয়ানমারের মংডুর কুলারবিল এলাকার মোহাম্মদ শরীফের ছেলে মোহাম্মদ ছালামকে।

তাদের কাছ থেকে ছোট ৬৭ টি প্যাকেটে ৫০ টি করে ৩ হাজার ৩শ’ ৫০ পিস ও বড় ১৪ প্যাকেটে ৩শ’ করে ৪ হাজার ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৭ হাজার ৫শ’ ৫০ পিস ইয়াবার আনুমানিক মূল্য ২২ লাখ ৬৫ হাজার টাকা। চকরিয়া থানার ওসি মো.জহিরুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন