
নিউজ ডেস্ক : মেহেরপুরে ২ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। সোমবার (৬ মোর্চ) দুপুর ২ টার দিকে কাঁঠালপোতা এলাকার সোনাপুর মাঠের একটি তামাক ক্ষেত থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী আশাদুল হক (৫৮) ও কাঠ ব্যবসায়ী আব্দুল মজিদ (৫৬)।
স্থানীয়রা জানান, রোববার (৫ মার্চ) দিবাগত রাত পৌনে ১১ টার দিকে সোনাপুর গ্রামের চা দোকানী মজনুর রহমানের দোকানে বসে আশাদুল হক ও আব্দুল মজিদসহ বেশ কয়েকজন চা পান করছিলেন। এসময় ১০/১২ জন অস্ত্রধারী এসে তাদের অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে তাদের উভয়ের পরিবারের লোকজনের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় প্রশাসনের লোকজনকে জানানোর পাশাপাশি গ্রামের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করতে পারেনি।
নিহত আব্দুল মজিদের ছেলে সাইদুল ইসলাম বলেন, বাবাসহ অপরজনকে তুলে নিয়ে যাওয়ার পর অপহরণকারীরা আমার মোবাইলে ফোন করে উভয় পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। আমরা তাদের দাবিকৃত চাঁদার টাকা পরিশোধে ব্যর্থ হই। পরে সোমবার দুপুর ১২ টার দিকে স্থানীয়রা একটি তামাক ক্ষেতে তাদের দু’জনের গলা কাটা মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়।
এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইকবাল বাহার চৌধুরী জানান, রাতেই খবর পেয়ে পুলিশের একাধিক দল অপহৃতদের উদ্ধারে মাঠে নেমেছিল। মেহেরপুর জেলা পুলিশ সুপার আনিছুর রহমান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।