News71.com
 Bangladesh
 06 Mar 17, 06:42 PM
 256           
 0
 06 Mar 17, 06:42 PM

পেট্রলবোমা হামলার মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট।।

পেট্রলবোমা হামলার মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট।।

নিউজ ডেস্কঃ বিএনপি আহুত অবরোধের সময় পেট্রলবোমায় কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে যাত্রীবাহী বাসের ৮ ঘুমন্ত যাত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ এবং মামলার প্রধান আসামি জামায়াতের সাবেক সাংসদ ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ ৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা মো. ইব্রাহিম কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৫ নম্বর আমলি আদালতে এ চার্জশিট দাখিল করেন। আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্তকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীসহ ২২ জনকে অন্তর্ভুক্ত করা হয়। এ সময় আসামিদের মধ্যে দুজন মৃত্যুবরণ করেন। এদিকে এ ঘটনার সাথে সম্পৃক্ত না থাকায় অপর ৪ জনের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়নি।

সূত্র আরো জানায়, মামলায় অভিযুক্ত ১২ জনসহ ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সম্পৃক্ত ৩ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপি আহুত অবরোধ চলাকালে ওই দিন  রাত সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের জগমোহনপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৪০৮০) একটি বাসে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে খুব স্বল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের কয়েকজন যাত্রী জানালা দিয়ে লাফিয়ে প্রাণে বাঁচতে পারলেও ততক্ষণে দগ্ধ হয়ে যায় অন্তত ২০ যাত্রী। এদের মধ্যে ৮ যাত্রী নিহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন