
নিউজ ডেস্ক : ইংরেজি দৈনিক দ্য ডেইলি সান এর সম্পাদক আমির হোসেন ইন্তেকাল করেছেন । আজ সোমবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিলো ৭৭ বছর। স্ত্রী, মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
ডেইলি সান’র পক্ষ থেকে জানানো হয়, গত রোববার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাস্থ দ্য ডেইলি সান কার্যালয়ে কর্মরত অবস্থায় হঠাৎ হার্ট অ্যাটাক হয় আমির হোসেনের। দ্রুত তাকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হলে সেখানে ভর্তি করা হয়। পরে রাতে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। সোমবার দুপুরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, আমীর হোসেন পাকিস্তান শাসন আমলে তার সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করেন সে সময়ের প্রধান সংবাদপত্র দৈনিক ইত্তেফাক থেকে। এরপর বাংলারবাণী, জয়বাংলা, বাংলাদেশ টুডেসহ বেশ কয়েকটি দৈনিক ও সাপ্তাহিকের সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। স্বাধীনবাংলা বেতারকেন্দ্রের একজন নিয়মিত সংবাদ বিশ্লেষক ছিলেন এই সাহসী সাংবাদিক।
এদিকে ইংরেজি দৈনিক দ্য ডেইলি সান এর সম্পাদক আমির হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন নিউজ ৭১ এর সম্পাদক ও প্রকাশক অজয় সরকারসহ কর্তব্যরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্র্মচারীবৃন্দ।