
নিউজ ডেস্ক : যশোরের বেনাপোলের গোগা ইউনিয়নের হরিসচন্দ্রপুর গ্রাম থেকে রবিবার (৫ মার্চ) রাতে অভিযান চালিয়ে তিনটি তাজা বোমাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতামূলক কর্মকান্ড চালানোর প্রস্তুতি নেয়ার সময় ৪ ব্যক্তিকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছে থাকা ৩ টি তাজা বোমা উদ্ধার করা হয়। আটকৃ সবাই সন্ত্রাসী বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতরা হলেন- শার্শার গোঁগা ইউনিয়নের গোপালপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আলাউদ্দিন, গোঁগা গ্রামের সামসুদ্দীনের ছেলে মফিজ উদ্দীন, বালুন্ডা গ্রামের তোয়াক্কেলের ছেলে আক্তারুল ইসলাম এবং হরিসচন্দ্রপুর গ্রামের জহর আলীর ছেলে লিয়াকত হোসেন।
বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম জিয়া জানান, নাশকতামূলক কর্মকান্ড চালানোর জন্য কয়েকজন সন্ত্রাসীর একখানে মিলিত হওয়ার খবর আসে তাদের কাছে। পরে পুলিশের একটি দল হরিসচন্দ্রপুর গ্রামে অভিযান চালায়। এ সময় তিনটি তাজা বোমাসহ চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা। গ্রেপ্তার সবার বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা রয়েছে বলে পুলিশ জানায়। তিনি আরও জানান, বোমাগুলো নিস্ক্রিয় করার জন্য থানায় রাখা হয়েছে। এছাড়া বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। সোমবার (৬ মার্চ) তাদের যশোর আদালতে পাঠানো হয়।