News71.com
 Bangladesh
 06 Mar 17, 12:31 PM
 239           
 0
 06 Mar 17, 12:31 PM

৩দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার ইন্দোনেশিয়া যাচ্ছেন।। 

৩দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার ইন্দোনেশিয়া যাচ্ছেন।। 

নিউজ ডেস্কঃ ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে ৩  দিনের সরকারি সফরে আজ সোমবার ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০৮৬) সকাল ৮টা ৪০ মিনিটে জাকার্তার উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। স্থানীয় সময় বেলা তিনটায় জাকার্তার হালিম পারদনা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। ইন্দোনেশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার আজমল কবির এবং ইন্দোনেশিয়ায় সরকারের প্রতিনিধি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। পরে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহ রাজধানী জাকার্তার বিশেষ অঞ্চল সেন্ট্রাল জাকার্তা সিটির হোটেল সাংগ্রিলায় নিয়ে যাওয়া হবে। ইন্দোনেশিয়া সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলে অবস্থান করবেন।

ভারত মহাসাগরের তীরবর্তী ২১টি দেশ নিয়ে আন্তর্জাতিক সংস্থা আইওআরএ গঠিত। সংগঠনটির সদস্য রাষ্ট্রগুলো হলো অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কমরোস, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মরিশাস, মোজাম্বিক, ওমান, সিসিলি, সিঙ্গাপুর, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। মরিশাসের ইবেনিনে সংগঠনটির সমন্বয় সচিবালয় অবস্থিত।

৩ দিনের সফর শেষে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাকার্তার হালিম পারদনা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি একই দিন বাংলাদেশ সময় দুপুর ২টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন