
নিউজ ডেস্কঃ দেশের ১৪টি উপজেলা পরিষদ ও ৪ টি পৌরসভায় আজ সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩ টি নবগঠিত উপজেলা পরিষদে প্রথমবারের মত এবং বাকিগুলোতে উপ নির্বাচন হচ্ছে। ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে নতুন নির্বাচন কমিশন।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী এলাকাগুলোতে এদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ তার কার্যালয়ে সাংবাদিকদের এতথ্য জানান। নতুন কমিশন হিসেবে নির্বাচনে গুরুত্ব বিবেচনায় প্রধান নির্বাচন কমিশনারসহ ৫ জন সদস্য দেশের ওইসব জায়গা সফর করে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছেন। দলীয় প্রতীকে এসব নির্বাচন হচ্ছে।
যেসব উপজেলা নির্বাচন হবে সেগুলো হচ্ছে- জলঢাকা, সুজানগর, ঈশ্বরদী, বড়াইগ্রাম, হোসেনপুর, বানারীপাড়া, গৌরনদী, রাঙ্গাবালী, কলারোয়া, মোড়েলগঞ্জ, ওসমানী নগর, জগন্নাথপুর, গুইমারা ও কুমিল্লার আদর্শ সদর। আর পৌরসভাগুলো হচ্ছে- টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদ, পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় মেয়র পদ, রাজশাহীর আড়ানী পৌরসভার ১ নম্বর সংরক্ষিত কাউন্সিলর পদ ও বগুড়ার শেরপুর পৌরসভায় ৭ নম্বর সংরক্ষিত কাউন্সিলর পদ।