
নিউজ ডেস্কঃ অফিসের বড় কর্তারা সৎ হলে কিন্তু কর্মচারীদের দুর্নীতির সুযোগ থাকে না। গতকাল রোববার কক্সবাজারের টেকনাফ উপজেলা মিলনায়তনে সততা সংঘের সমাবেশ ও আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এএফএম আমিনুল ইসলাম একথা বলেন। দেশ গড়ার প্রয়োজনে, দুর্নীতি রুখব সর্বজনে' স্লোগানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে।
আমিনুল ইসলাম হুশিয়ারি উচ্চারণ করে বলেন, 'যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিবাদ করতে হবে। সমাজের গুটিকয়েক দুর্নীতিবাজদের কারণে আমরা দেশের অগ্রগতি নস্যাৎ হতে দিতে পারি না। সম্পদ কোথাও লুকিয়ে রেখে রেহাই পাবেন না। শাস্তি পেতেই হবে।' এ সময় তিনি দুর্নীতিবাজদের চিহ্নিত করে বয়কটেরও আহ্বান জানান। সভা শেষে দুদক কমিশনার আমিনুল ইসলাম ২৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত তিন শতাধিক শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্মকর্তাদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলমের সভাপতিত্বে দুদকের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক আহমদ উল্লাহর পরিচালনায় সমাবেশে দুদকের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মনিরুজ্জামান, কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু নাসের ভূঁইয়া, অতিরিক্ত জেলা পুলিশ সুপার গোলাম রুহুল কুদ্দুস, টেকনাফ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।