News71.com
 Bangladesh
 05 Mar 17, 09:30 PM
 241           
 0
 05 Mar 17, 09:30 PM

প্রতিটি পত্রিকা অফিসের নিজস্ব নীতিমালা থাকতে হবে : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

প্রতিটি পত্রিকা অফিসের নিজস্ব নীতিমালা থাকতে হবে : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

নিউজ ডেস্ক : সরকারি নীতিমালার পাশাপাশি প্রতিটি পত্রিকা অফিসের নিজস্ব নীতিমালা থাকতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার (০৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নারী পুরুষের বৈষম্যহীন গণমাধ্যম চাই’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, সরকারিভাবে নীতিমালা হচ্ছে। তবে প্রতিটি পত্রিকা অফিসে সাংবাদিকদের কোন নীতি মেনে চাকরিতে যোগদান করানো হচ্ছে, কোন স্কেলে বেতন দেওয়া হচ্ছে, কোন ক্ষমতাবলে ও কী কারণে চাকরিচ্যুত করা হচ্ছে তার সুনির্দিষ্ট ও স্পষ্ট নীতিমালা থাকতে হবে। সরকারি নীতিমালার পাশাপাশি প্রতিটি পত্রিকা অফিসেরও নিজস্ব নীতিমালা থাকতে হবে।

তিনি বলেন, সাংবাদিক ইউনিয়নগুলোর উচিত কোন কোন অফিস নীতিমালা অনুসরণ করছে তা দেখভাল করা। প্রতিবছর বছরই সেটা দেখভাল করে তথ্য মন্ত্রণালয়কে রিপোর্ট করা। এসব নিয়ম পালন ছাড়া কোনো ক্ষেত্রেই দেশে টেকসই উন্নয়ন হবে না।

জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। আলোচনা সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক শাহনাজ মুন্নী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন