News71.com
 Bangladesh
 05 Mar 17, 09:25 PM
 223           
 0
 05 Mar 17, 09:25 PM

রাজধানীতে ফিটনেসহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে প্রথম দিনেই ৭০ মামলা

রাজধানীতে ফিটনেসহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে প্রথম দিনেই ৭০ মামলা

নিউজ ডেস্ক : রাজধানীতে যানজট নিরসনে ও যাত্রীদের দুর্ভোগ লাঘবে রবিবার (৫ মার্র্চ) সকাল থেকে অভিযানে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ঢাকা জেলা প্রশাসন ও বিআরটিএর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করছে ডিএসসিসি। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ, দৈনিক বাংলা ও মতিঝিল এলাকায় তিনটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রথম দিনে এসব ভ্রাম্যমাণ আদালতে মামলা হয় ৭০ টি। জরিমানা করা হয় ৮০ হাজার ৪শ’ টাকা। এছাড়া লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে পাঁচ চালককে এক মাস করে কারাদন্ড ও ৫শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অবৈধ পার্কিং ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ডিএসসিসির এই অভিযান শুরু হয় সকাল সোয়া ১০ টায়।

অভিযানের প্রথম দিন গুলিস্তানের রমনা হোটেলের সামনে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম আদালত-৩ এ মোট ২০ টি মামলা হয়। জরিমানা করা হয় ৩৯ হাজার ৫শ’ টাকা। এছাড়া লাইসেন্স বিহীন গাড়ি চালানোর অপরাধে পাঁচ চালককে এক মাস করে কারাদন্ড ও ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদ না থাকায় দুটি যানবাহন পাঠানো হয় ডাম্পিংয়ে। আদালত-২ বসানো হয় মতিঝিলে। এটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সর্দার। এই আদালতে মোট মামলা হয় ৩০ টি। জরিমানা করা হয় ২৮ হাজার ৯শ’ টাকা। দৈনিক বাংলায় পরিচালিত আদালত-১ এ মামলা হয়েছে ২০ টি। জরিমানা করা হয়েছে ১২ হাজার টাকা।

ডিএসসিসি সূত্র জানায়, রাজধানীর সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে ২০ বছরের বেশি পুরোনো গাড়ির পাশাপাশি চালকদের ড্রাইভিং লাইসেন্স ও তাদের শিক্ষাগত যোগ্যতাও যাচাই করা হচ্ছে। সোয়া ১০ টায় ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন নগর ভবনের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন।সূত্র জানায়, রাজধানীর ১৯৩ টি রুটে প্রায় সোয়া তিন হাজার বাস-মিনিবাস চলাচল করে। এর মধ্যে প্রায় ১৩শ’ বাস চলাচলের অনুপযোগী। অভিযানের ফলে অনুপোযোগী যানগুলো আর সড়কে চলতে পারবে না।

অভিযান শুরুর সময় দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, ‘অসচেতন চালকদের বেপরোয়া আচরণ এবং যেখানে সেখানে পার্কিংয়ের কারণে রাজধানীতে যানজট তীব্র আকার ধারণ করছে। পুরোনো বাসগুলো নাগরিকদের জীবন হুমকির মুখে ফেলেছে। প্রায়ই দুর্ঘটনায় সাধারণ নাগরিক জীবন হারাচ্ছেন।’ পরিবহন খাতে শৃঙ্খলা না ফেরা পর্যন্ত অভিযান চলবে বলে জানান মেয়র। আইন মেনে যানবাহন পরিচালনার জন্য পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘পুরোনো ঝুঁকিপূর্ণ বাস রাস্তায় চালাবেন না। যাদের শিক্ষাগত যোগ্যতা নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, তাদের দিয়ে গাড়ি চালাবেন না।’

রাজধানীতে যানজট নিরসনে কিছুদিন আগে গুলিস্তান ও মতিঝিলে ফুটপাত থেকে হকার উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর ফলে ওইসব এলাকা দিয়ে পথচারীরা অনেকটা নির্বিঘেœ যাতায়াত করছেন। এবার ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে সিটি করপোশেনের অভিযানকে স্বাগত জানিয়েছে নগরবাসী। অভিযানের ব্যাপারে জানতে চাইলে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম বলেন, ‘আমরা সরকারি-বেসরকারি যানবাহন দেখছি না। যেসব যান চলাচলের অনুপোযোগী মনে করছি সেগুলোতে চেক করছি। যাদের কাগজপত্র ঠিক আছে তাদের ছেড়ে দিচ্ছি। আর যাদের কাগজপত্র ও লাইসেন্স ঠিক নেই মোটরযান অধ্যাদেশ ১৯৮২ এর ১৩৭, ১৩৮, ১৪০ ও ১৫২ ধারায় সেসব যানের বিরুদ্ধে মামলা করছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন