
নিউজ ডেস্কঃ নিম্ন আদালতসমূহের বেদখলীয় জমি পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নির্দেশনা প্রদান করেছেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত এক সার্কুলারে এ কথা বলা হয়। এ সার্কুলার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গত ২৮শে ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, প্রধান বিচারপতির গোচরীভূত হয়েছে যে, সারা দেশের অধস্তন আদালতসমূহর মালিকানাধীন জমি প্রভাবশালী কিছু মহল দখল করেছে বা দখল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তা সত্ত্বেও এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা জেলা জজ কর্তৃক সুপ্রিম কোর্টকে অবহিত না করা হতাশাব্যঞ্জক ।
সার্কুলারে বলা হয়, আদালতসমূহে বিদ্যমান মামলার সংখ্যা ও জনবল বিবেচনায় স্থান সংকট রয়েছে। অধস্তন আদালতসমূহের যে জায়গা রয়েছে তার অতিরিক্ত সরকারি জায়গা বরাদ্দ পাওয়া সময়সাপেক্ষ ও দুরূহ। সে কারণে অধস্তন আদালতসমূহের বেদখলীয় জমি পুনরুদ্ধার করা এবং আদালতের জমি দখলের অপচেষ্টার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আবশ্যক। এ অবস্থায় আদালতসমূহর মালিকানাধীন জমি সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে সুরক্ষা করা এবং বেদখলীয় জমি পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করা হয় ।