
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে যুক্তরাজ্যের কার্গো ফ্লাইট চলাচলের সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহবান জানিয়ে বলেছেন, ‘এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশি ব্যবসায়ীরা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন।’ সফররত ব্রিটেনের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক মন্ত্রী অলোক শর্মা আজ শনিবার গণভবনে সৌজন্য সাক্ষাতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
ব্রিটিশ সরকার গতবছর মার্চে নিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা থেকে যুক্তরাজ্যে কার্গো ফ্লাইট চলাচল নিষিদ্ধ করে। নিরাপত্তা ঘাটতিকে একটি বিশ্বজুড়ে ঘটমান বিষয় হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি হিথ্রো বিমানবন্দরে এ ধরনের নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে।
বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, প্রধানমন্ত্রী এবং ব্রিটিশ মন্ত্রী দু’দেশের মধ্যে চমত্কার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং আশা প্রকাশ করে বলেন, এই সম্পর্ক আগামী দিনে আরো জোরদার হবে। প্রেস সচিব বলেন, তারা পারস্পরিক স্বার্থে বিশেষ করে বিমানবন্দরের নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন।