
নিউজ ডেস্ক : শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ২ দিনের ব্যবধানে মেঘনা নদী ও চর থেকে মোট তিনটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ মার্চ) দুপুরে নলমুড়ি ইউনিয়নের পাচকাঠি এলাকার মেঘনার চর থেকে একটি এবং শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় কুচাইপট্টি ইউনিয়নের খাজুরতলা এলাকার মেঘনা নদী থেকে দু’টি মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইখোলা গ্রামের নওশের প্রামানিকের ছেলে মাহবুব প্রামানিক (৩৫) ও সিরাজগঞ্জ জেলার উলøাপাড়া উপজেলার চয়রা গ্রামের শহিদুল সরকারের ছেলে হাফিজুর রহমান সরকার (৩০) এছাড়া বাকী জনের পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ নিউজ৭১ কে বলেন, খবর পেয়ে নলকুড়ি ইউনিয়নের মেঘনার চর ও কুচাইপট্টি ইউনিয়নের মেঘনা নদী থেকে ৩ টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। বাকি জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দায়ের করেনি।