
নিউজ ডেস্ক : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেটের বিয়ানীবাজারে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আজ শনিবার (০৪ মার্চ) দুপুরে উপজেলার গজুকাটা গ্রামে স্থানীয় দুবাগ ইউনিয়নের সাবেক সদস্য আফতাব উদ্দিন ও জসিম উদ্দিনের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার গজুকাটা গ্রামে গাছ থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে স্থানীয় দুবাগ ইউনিয়নের সাবেক সদস্য আফতাব উদ্দিন ও জসিম উদ্দিনের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।