News71.com
 Bangladesh
 04 Mar 17, 06:06 PM
 379           
 0
 04 Mar 17, 06:06 PM

ড: ইউনুসকে প্রসংশা করে প্রধানমন্ত্রীর প্রকাশ্য সমালোচনায় বিদ্ধ হলেন অর্থমন্ত্রী মুহিত....

ড: ইউনুসকে প্রসংশা করে প্রধানমন্ত্রীর প্রকাশ্য সমালোচনায় বিদ্ধ হলেন অর্থমন্ত্রী মুহিত....

নিউজ ডেস্ক : দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণের প্রশংসা করায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কথার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আজ এক প্রকাশ্য সমাবেশে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ক্ষুদ্র ঋণে দারিদ্র্য লালন পালন হয়, কিন্ত দারিদ্র্য বিমোচন হয়েছে সরকারের পদক্ষেপে।’ তিনি আজ রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আওয়ামী মহিলা লীগের ৫ম জাতীয় সম্মেলনে এসকল কথা বলেন। এসময় তিনি অর্থমন্ত্রীর কথার সমালোচনা করে আরও বলেন, আমার দুঃখ লাগে যে তিনি (মুহিত) এমন একজনের প্রশংসা করে ফেললেন যার কারণে আমার পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দিলো ওই বিশ্ব ব্যাংক। বারবার আমাকে থ্রেট (হুমকি) করা হয়েছিলো ওই আমেরিকা থেকে। ‘অথচ তিনি তার প্রশংসায় পঞ্চমুখ। যাই হোক, এটা তাদের চিন্তা ভাবনা।

উল্লেখ্য সম্প্রতি ঢাকায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) এক অনুষ্ঠানে দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ, গ্রামীণ ব্যাংক ও বেসরকারী সাহায্য সংস্থা ব্র্যাকের প্রশংসা করে অর্থমন্ত্রী মুহিত বলেছিলেন, ‘একসময় এদেশে ৭০ শতাংশ মানুষ দরিদ্র ছিল। সেখান থেকে এখন ২২ শতাংশে নেমে এসেছে। গ্রামীণ ব্যাংক এ ভূমিকাটি সাফল্যের সঙ্গে পালন করেছে। এদেশে হত দরিদ্র লোকের ঋণ পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করেছে গ্রামীণ ব্যাংক। দারিদ্র্য কমাতে অবদান রাখা আরেকটি সংস্থা ব্র্যাক।

আর আজ অর্থমন্ত্রী মুহিতের এ বক্তব্যের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকে ক্রেডিট নেয়। কয়দিন আগে আমাদের অর্থমন্ত্রী খুব ক্ষুদ্র ঋণের প্রশংসা করে বললেন যে একেবারে ক্ষুদ্র ঋণের জন্য দারিদ্র্য বিমোচন হয়েছে। দারিদ্র্য বিমোচন যদি তার জন্যই হতো, তাহলে আর ওই ৬০ ভাগের মতো দারিদ্র্য থাকে কেন? আর আজকে ২২ ভাগে নেমে এসেছে কবে?’ ‘অর্থমন্ত্রীকে বলবো, উনি যেন একটু হিসেব নেন, এই যে ২২ ভাগে নেমে এসেছে কাদের আমলে? আওয়ামী লীগ সরকার আসার পর।’ তিন বলেন, আওয়ামী লীগ সরকারের গৃহীত পদক্ষেপে, এই অর্থমন্ত্রীও কর্মসূচি নিয়েছেন, আগের অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবকে দিয়েও আমি সেই ৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত যে সমন্ত কর্মসূচি নিয়েছিলাম, তারই ফলাফলে আজকে এই দারিদ্র্য বিমোচন হয়েছে।’

ক্ষুদ্র ঋণের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র ঋণে দারিদ্র্য লালন পালন হয়। আর যারা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে তারা সম্পদশালী হয়। তারা ধনশালী হয়। কারণ সপ্তাহে সপ্তাহে উচ্চহারে সুদ ওই গরিবের মেয়েরা মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা কামাই করে সে টাকা সুদ হিসেবে চলে যায়। সে কোনো মতে খেয়ে পরে বেঁচে থাকতে পারে। কিন্তু দারিদ্র্যের হাত থেকে উঠে আসতে পারে না। আর যারা এই ব্যবসা করে তারা চায়ও না যে, এরা দারিদ্র্য থেকে উঠে আসুক। কারণ দারিদ্র্য থেকে উঠে এলে তাদের ব্যবসাই চলে যাবে। তারা কাকে নিয়ে ব্যবসা করবে?

পদ্মা সেতুতে দুর্নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুতে যে কোনো দুর্নীতি হয়নি সেটা কানাডার ফেডারেল কোর্ট রায় দিয়েছে এবং আজকে এটা প্রমাণিত।’ শেখ হাসিনা বলেন, ‘আমাদের লক্ষ্য কোনো মানুষ দরিদ্র থাকবে না। দারিদ্র্যের হাত থেকে মানুষকে মুক্তি দিতে হবে। রাজনীতি করতে এসেছি জনগণের জন্য। নিজের ভাগ্য গড়ার জন্য নয়, আর ব্যবসা করার জন্যও নয়।’ ‘দরিদ্র মানুষকে নিয়ে ব্যবসা করে বড় লোক হওয়ার জন্য, বিত্তশালী হওয়ার জন্য আসি নাই। এসেছি মানুষকে দারিদ্র্যমুক্ত করতে। এসেছি জনগণের সেবা করতে। তাদের কল্যাণ করতে, জনগণকে সুন্দর জীবন দিতে। যার কারণে আজকে মানুষের আর্থ-সামাজিক উন্নতি হচ্ছে।’ আওয়ামী লীগ যখন আসে তখনই তো দেশের উন্নতি হয় উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন