
নিউজ ডেস্কঃ গুলশান হামলাসহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িতদের সঙ্গে আইএস আল-কায়েদার মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর যোগাযোগ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। গতকাল শুক্রবার প্রকাশিত ২০১৬ সালের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে এ দাবি করা হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা বেড়েছে, যারা নিজেদের দায়েশ (আইএস) ও আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার সহযোগী বলে দাবি করে। গত বছরের গুলশান হামলাসহ এর আগে-পরে অনেকগুলো হত্যাকাণ্ডের দায় স্বীকার করে কখনও আইএস এবং কখনও আল-কায়েদার নামে বার্তা এসেছিল। তবে বাংলাদেশ সরকার ওইসব বার্তা উড়িয়ে দিয়ে বলে আসছে, হত্যাকাণ্ড ঘটিয়ে আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর নাম প্রচার করছে দেশি জঙ্গিরাই।
প্রতিবেদনে আরও বলা হয়, গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার লক্ষ্যবস্তু ছিলেন বিদেশিরা; এর আগে বিদেশি ছাড়াও হত্যাকাণ্ডের শিকার হন ব্লগার, লেখক, অধ্যাপক, ভিন্ন মতাবলম্বী মুসলিম, হিন্দু পুরোহিত, খ্রিষ্টান যাজক, সমকামী অধিকারকর্মী। গুলশান হামলার পর জঙ্গি দমনে কঠোর অভিযানে নামে সরকার। র্যাাব-পুলিশের অভিযানে মারা পড়েন শীর্ষ বেশ কয়েকজন জঙ্গিনেতা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে এসব অভিযান নিয়ে মানবাধিকার গোষ্ঠীগুলোর প্রশ্ন তোলার অভিযোগের কথাও বলা হয়েছে। এতে বলা হয়েছে, অভিযানের কারণে বিচারবহির্ভূত হত্যা বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সেই সঙ্গে আটক করে অর্থ দাবির ঘটনাও ঘটছে। বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর ওপর বেসামরিক প্রশাসনের কার্যকর কর্তৃত্ব রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।