
নিউজ ডেস্ক : মহিলা আওয়ামী লীগের পঞ্চম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ শনিবার সকাল সাড়ে ১১ টার কিছু আগে রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনের সম্মেলনস্থলে যোগ দেন তিনি। এর আগে সকাল ১০ টায় সম্মেলনের কার্যক্রম শুরু হয়। ১৪ বছর পর মহিলা আওয়ামী লীগের এই সম্মেলন উপলক্ষ্যে শুক্রবার (৩ মার্চ) আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে সহযোগী সংগঠনগুলোকে আধুনিক ও স্মার্ট করে গড়ে তোলার কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় সহযোগী সংগঠনগুলোর সম্মেলন হচ্ছে। সে মোতাবেক আজ মহিলা আওয়ামী লীগের সম্মেলন এবং ১১ মার্চ যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে মহিলা আওয়ামী লীগ। তাই তাদের বাইরে রেখে আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা ঠিক হবে না। আর সেজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সংগঠনগুলোর ওপর গুরুত্বারোপ করার নির্দেশ দিয়েছেন। মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ সম্মেলন সম্পর্কে বলেন, সম্মেলনকে সফল করতে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের নিয়ে ২৭ সদস্য বিশিষ্ট জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সম্মেলনকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ১০ টি উপ-কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, এর আগে ২০০৩ সালের ১২ জুলাই মহিলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আশরাফুন্নেসা মোশাররফ সভাপতি ও পিনু খান সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।