
নিউজ ডেস্ক : রাজধানীতে দুঃসহ যানজটের জন্য যেসব কারণকে দায়ী করা হয় তার একটি অবৈধ পার্কিং। এই প্রবণতার বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে যেতে চলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রবিবার (৫ মার্চ) সকাল থেকেই এই অভিযানে নামতে যাচ্ছে সংস্থাটি। ঢাকা উত্তর সিটি করপোরেশনও সড়কে অবৈধ পার্কিং উচ্ছেদে বড় ধরনের অভিযানে নামার প্রস্তুতি নিচ্ছে। তবে সেটা এখনই নয়, তার আগে ফুটপাত দখলমুক্ত করার কাজটি শেষ করে পার্কিং এর জন্য জায়গা নির্দিষ্ট করতে চায় তারা। রবিবার (৫ মার্চ) থেকে অবৈধ পার্কিংবিরোধী অভিযানের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে এরই মধ্যে বিআরটিএ, ঢাকা মহানগর পুলিশ এবং ঢাকা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সবগুলো সংস্থাই সিটি করপোরেশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ নাগ।
রাজধানীর যানজট নিরসনে কিছুদিন আগে রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকার ফুটপাত থেকে হকার উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ডিসিসি দক্ষিণের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ নাগ দেবাশীষ নাগ বলেন, ‘রাজধানীর যানজটের অন্যতম কারণ অবৈধ গাড়ি পার্কিং। মার্চের ৫ তারিখ থেকে অবৈধ গাড়ি পার্কিং এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এছাড়া ২০ বছরের বেশি পুরোনো, ফিটনেসহীন যানবাহনের বিরুদ্ধেও অভিযান পরিচালনা হবে সেদিন থেকে।’ এই অভিযানের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ‘অবৈধ পার্কিং এর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে তা জানি। আমরা তাদেরকে সব রকম সহযোগিতা করব।’