
নিউজ ডেস্ক : যশোরের শার্শা উপজেলার বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকা থেকে শুক্রবার (৪ মার্চ) গভীর রাতে প্রায় আড়াই কেজি ওজনের ২০ টি সোনার বার সহ টিটু বিশ্বাস (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক টিটু বেনাপোল বন্দর থানার গাতিপাড়া গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের ছেলে। ২১ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমান জানান, দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুল সোনা ভারতে পাচার হয়ে যাচ্ছে বলে খবর পায় বিজিবি। সেই খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা বেনাপোল বাজার থেকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করে। মোটরসাইকেল আরোহীর দেহ তল্লাশি করে ২০ টি সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক মূল্যে ১ কোটি ১০ লাখ টাকা। এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় একটি মামলা করা হয়েছে।