
নিউজ ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জে বিক্ষুব্ধ এলাকাবাসীর কাছ থেকে আটক ডাকাতকে উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে ২ ব্যক্তি নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। শনিবার (০৪ মার্চ) ভোরে কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের মোস্তফা নগর গ্রামের বাসিন্দা জিলু মিয়া ডাকাতদের হাতে খুন হন। এরপর সোনাই মিয়া নামে এক ডাকাতকে আটক করে গ্রামবাসী। খবর পেয়ে বিক্ষুব্ধ জনতার হাত থেকে আটক ডাকাতকে ছাড়িয়ে আনতে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু বিক্ষুব্ধ গ্রামবাসী ডাকাত সোনাই মিয়াকে পুলিশের হাতে তুলে না দিয়ে গণপিটুনিতে হত্যার চেষ্টা করে।
এ নিয়ে সকালে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষুব্ধ গ্রামবাসীর। সংঘর্ষে মফিজ মিয়া নামে এক ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হন। নিহত মফিজ কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর গ্রামের দক্ষিণ রাজনগরের বাসিন্দা। এছাড়াও পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে অন্তত ১০ পুলিশসহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষের ঘটনায় পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।