
নিউজ ডেস্ক : শুক্রবার (০৩ মার্চ) রাত ১১ টায় নোয়াখালীর সূবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামের নিজ বাড়ির একটি ঘরের ভেতর মাটিতে পুঁতে রাখা অবস্থায় কৌহিনুর আক্তার (২৩) নামে এক গৃহবধূর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় নিহতের স্বামী মিল্লাতকে (৩২) আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তারা ভোলা জেলার বাসিন্দা বলে জানিয়েছে। কয়েক বছর আগে তারা মজিদ গ্রামে জায়গা কিনে বসবাস শুরু করেন। স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে কৌহিনুর আক্তার ও মিল্লাত দম্পত্তি ভোলা জেলা থেকে নোয়াখালীর সূবর্ণচর উপজেলার চর মজিদ গ্রামের জায়গা কিনে বসত শুরু করেন।
দীর্ঘদিন ধরে এই দম্পত্তির মধ্যে যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার কোনো এক সময় মিল্লাত তার স্ত্রী কৌহিনুর আক্তারকে হত্যা করে মাটিতে পুঁতে রাখে। কয়েকদিন কৌহিনুরকে না দেখে প্রতিবেশীরা সন্দেহ করে। তারা মিল্লাতের ঘরে গিয়ে দেখেন মাটিচাপা দেওয়া একটি গর্ত। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে ঘটনাস্থল এসে পুলিশ মাটিতে পুঁতে রাখা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এসময় মিল্লাতকে আটক করে করা হয়েছে বলে জানায় পুলিশ। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।