News71.com
 Bangladesh
 03 Mar 17, 11:15 PM
 209           
 0
 03 Mar 17, 11:15 PM

খুলনায় যুবসংহতির সম্মেলনে দুই পক্ষ মুখোমুখি

খুলনায় যুবসংহতির সম্মেলনে দুই পক্ষ মুখোমুখি

নিউজ ডেস্ক : মারপিট ও পাল্টা স্লোগানের মধ্য দিয়ে খুলনা জেলা যুব সংহতির সম্মেলনের প্রথম পর্ব শেষ হয়েছে। শুক্রবার (৩ মার্চ) বিকেলে স্থানীয় ডাক বাংলার মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় নগর জাতীয় পার্টির শীর্ষ নেতারা সম্মেলনে অংশ নেওয়া থেকে বিরত থাকেন। নগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও চেম্বারের সভাপতি শেখ আবুল কাশেম হত্যা মামলার আসামি এস এম মুশফিকুর রহমানকে খুলনায় দলীয় মেয়র প্রার্থী ঘোষণা করায় জাতীয় পার্টি ও যুব সংহতির মধ্যে মতবিরোধের ফলে বিশৃংখলা দেখা দেয়। সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে দলের কেন্দ্রীয় কো-চেয়ারম্যান জি এম কাদের, চেয়ারম্যানের সংখালঘু বিষয়ক উপদেষ্টা সোমনাথ দে, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, নগর সভাপতি শেখ আবুল হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন না। বিরোধের জের হিসেবে পরিস্থিতি শান্ত রাখতে যুবসংহতির উপজেলা পর্যায়ের প্রতিনিধিদেরকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি।

এছাড়া জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের পক্ষে স্লোগান দেওয়া, দলে নতুন আগত শওকত হোসেনকে বক্তৃতা করার সুযোগ দেওয়ায় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। জেলা জাপার সভাপতির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জেলা যুব সংহতির সভাপতি ডা. আবুল কাশেমের সভাপতিত্বে উদ্বোধনী পর্ব শেষ হয়। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি আলমগীর শিকদার লোটন। বক্তৃতা করেন জাতীয় পার্টির জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম মধু, সদ্য যোগদানকারী মেয়র প্রার্থী এস এম মুশফিকুর রহমান, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মুজিবর রহমান, কেন্দ্রীয় সদস্য আলমগীর হোসেন ও জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ এম হাদীউজ্জামান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন